শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ । ১৭ জুমাদাস সানি ১৪৪৮ হি. । ১২:২৯ পূর্বাহ্ণলোড…
thepostar-Bangladesh-Based Bangla News Portal

শাপলা চত্বরের ঘটনার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে হেফাজত নেতারা

আইন-আদালত

শেয়ার করুন:

শাপলা চত্বরের ঘটনার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে হেফাজত নেতারা
ছবি: সংগৃহীত
দ্য পোস্টার ডেস্ক৯:৪০ PM | জুলাই ১৯, ২০২৬

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে প্রাণহানির ঘটনার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

রোববার সকালে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে এবং বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে মামলার তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের কথাও জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

প্রসিকিউশন-সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্ত প্রতিবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এবং লেখক শাহরিয়ার কবীরের নাম রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ব্রিফিংয়ের মাধ্যমে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি জানতে এদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতের নেতারা।

মন্তব্যসমূহ