শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ । ১৭ জুমাদাস সানি ১৪৪৮ হি. । ১২:০২ পূর্বাহ্ণলোড…
thepostar-Bangladesh-Based Bangla News Portal

মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করা হচ্ছে, দাবি বেফাক পরিচালকের

সোশ্যাল মিডিয়া

শেয়ার করুন:

মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করা হচ্ছে, দাবি বেফাক পরিচালকের
ছবি: সংগৃহীত
দ্য পোস্টার ডেস্ক৫:৪৬ PM | জুলাই ১৮, ২০২৬

মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের নির্যাতন নিয়ে দ্য ডিসেন্ট-এর প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরিচালক উবায়দুর রহমান খান নদভী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও অবস্থান ব্যক্ত করেন তিনি।

তার পোস্টে বলা হয়, বর্তমানে বেফাকের অধীনে নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা ৩২ হাজার ৮৩০টি। অন্যান্য পাঁচটি বোর্ডের অধীনেও আরও কয়েক হাজার কওমি মাদ্রাসা রয়েছে। এছাড়া নূরানি, হাফেজিয়া, তাহফিজি, দীনিয়া ও বিভিন্ন ধরনের মকতব এবং স্বতন্ত্র কওমি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে দেশে কওমি ধারার মাদ্রাসার সংখ্যা ৫০ থেকে ৬০ হাজার হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মসজিদে কোরআন ও ইসলামি শিক্ষার ব্যবস্থা রয়েছে। এসবকে কওমি শিক্ষার বিস্তৃত অংশ হিসেবে বিবেচনা করলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে। তার ভাষ্য, এত বড় এই শিক্ষা কাঠামোকে কোনো সরকারের পক্ষে সম্পূর্ণ নিবন্ধনের আওতায় আনা বা নিষিদ্ধ করা সম্ভব নয়। বরং বেফাকের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই এগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে রাখা সম্ভব।

বেফাক পরিচালকের দাবি, গত তিন মাসে মাদ্রাসা-সংশ্লিষ্ট ৫৭টি অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে। এর মধ্যে ৫২টিকে তিনি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। বাকি পাঁচটি অভিযোগ বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, তদন্ত শেষে কেউ দোষী প্রমাণিত হলে তার দায় আলেম সমাজ নেবে না। একই সঙ্গে নির্দোষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, কিছু ক্ষেত্রে অমুসলিম ব্যক্তি ইমাম বা শিক্ষক পরিচয়ে অপরাধ সংঘটনের মাধ্যমে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের কয়েকটি জেলায় এমন ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থার ওপর চাপানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি তার পোস্টে স্বীকার করেন, কিছু মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলন বা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এ ধরনের ঘটনায় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। তার মতে, অভিযোগের সত্যতা মিললে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তাকে সংশোধন, শাস্তি ও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদ্রাসাগুলোকে অপরাধ, অনিয়ম ও অসাধু ব্যক্তিদের প্রভাবমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পোস্টের শেষাংশে উবায়দুর রহমান খান নদভী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ইমাম, আলেম, হাফেজ ও ধর্মীয় শিক্ষকদের যে সামাজিক মর্যাদা গড়ে উঠেছে, তা যেন অপপ্রচার বা ব্যক্তিগত স্বার্থে ক্ষুণ্ন না হয়। ইসলামি শিক্ষা ও ঐতিহ্য রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্যসমূহ