শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ । ১৭ জুমাদাস সানি ১৪৪৮ হি. । ১২:২৯ পূর্বাহ্ণলোড…
thepostar-Bangladesh-Based Bangla News Portal

স্ত্রীকে হত্যার অভিযোগ, সিঙ্গাপুর পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার প্রবাসী

অপরাধ

শেয়ার করুন:

স্ত্রীকে হত্যার অভিযোগ, সিঙ্গাপুর পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার প্রবাসী
ছবি: সংগৃহীত
দ্য পোস্টার ডেস্ক১০:০২ PM | জুলাই ১৯, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগে রাসেল নামে এক সিঙ্গাপুর প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সিঙ্গাপুরে পালানোর চেষ্টা করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে।

এর আগে শনিবার (১৮ জুলাই) ভোরে কালিয়াকৈরের সফিপুর আহমদ নগর চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্ত্রী আরিফার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের অভিযোগ, অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন দাম্পত্য কলহ চলছিল । আরিফা স্বামীকে জুয়া খেলতে বাধা দিলে প্রায়ই নির্যাতনের শিকার হতেন। শুক্রবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে আবারও বিরোধ হয়। একপর্যায়ে রাসেল তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার পর প্রযুক্তির সহায়তায় রাসেলের অবস্থান শনাক্তের চেষ্টা চলছিল। রোববার দুপুরে তার অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শনাক্ত হলে ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানানো হয়। আগে থেকেই তার বিদেশযাত্রা ঠেকাতে আবেদন করা হয়েছিল। ফলে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার বাদী ও আরিফার বাবা মো. অহিদুজ্জামান অভিযোগ করেন, অনলাইনে জুয়া খেলতে বাধা দেওয়াতেই তার মেয়ের ওপর নির্যাতন চালাতো রাসেল। তার দাবি, রাসেলই আরিফাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় রাসেলের পরিবারের অন্য সদস্যদেরও সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।

নিহতের এক স্বজন জানান, দম্পতির পাঁচ বছর বয়সী জায়ান নামে একটি ছেলে রয়েছে। রাসেলের আরও প্রায় এক মাসের ছুটি বাকি থাকলেও ঘটনার পরপরই বিদেশে পালানোর চেষ্টা করে বলে দাবি করেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, আসামির বিদেশযাত্রা বন্ধে আগেই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপর রোববার সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল অনলাইনে জুয়া খেলা এবং স্ত্রীকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে। তবে বর্তমানে মামলাটি আত্মহত্যায় প্ররোচনার ধারায় রয়েছে। তদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ

সম্পর্কিত নিউজ