শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ । ১৭ জুমাদাস সানি ১৪৪৮ হি. । ১২:৩৩ পূর্বাহ্ণলোড…
thepostar-Bangladesh-Based Bangla News Portal

লক্ষ্মীপুরে বিল ছাড়ে ঘুষ দাবির অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত

অপরাধ

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বিল ছাড়ে ঘুষ দাবির অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত
ছবি: সংগৃহীত
দ্য পোস্টার ডেস্ক৭:১৯ PM | জুলাই ১৭, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে ঘুষ দাবির অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে। নির্মাণাধীন মসজিদ, কালভার্ট, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পের বিল অনুমোদনের সময় ৫ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ করেছেন একাধিক ঠিকাদার। অভিযোগের পর বিষয়টি তদন্তে নেমেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। বুধবার (১৫ জুলাই) প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এস এম মহসীনকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কমিশন দাবি করা হচ্ছে। ‘মেসার্স মনোয়ারা অ্যান্ড ফাল্গুনি ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, ২০২২-২৩ অর্থবছরের একটি প্যাকেজের আওতায় মসজিদের ফ্লোর টাইলস, পুকুরের ঘাটলা এবং সড়ক নির্মাণসহ বিভিন্ন কাজ সম্পন্ন করার পরও তারা চূড়ান্ত বিল পাচ্ছেন না।

প্রতিষ্ঠানটির দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা থাকা সত্ত্বেও চূড়ান্ত বিল ছাড় দেওয়া হয়নি। বরং রানিং বিলের নামে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছেন অভিযোগকারী। এ ছাড়া উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে নিজ জেলায় দীর্ঘদিন কর্মরত থাকা এবং একাধিক উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালনের অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, এসব প্রভাব কাজে লাগিয়ে তিনি ঠিকাদার ও অধীনস্থ কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলী প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. ইকবাল হোসেন। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট। তদন্ত কর্মকর্তা এ এস এম মহসীন জানিয়েছেন, অভিযোগগুলো আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। সরেজমিন তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে অভিযোগকারী ঠিকাদাররা আশা প্রকাশ করেছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসবে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

সম্পর্কিত নিউজ