প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা’, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের
রাজনীতি
গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর করছে না।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণভোটে ‘জুলাই সনদের’ পক্ষে জনগণ রায় দিয়েছে। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন করছে না। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গণভোট ও জুলাই সনদের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর জনগণের রায়ের প্রতিফলন ঘটানো হয়নি।
আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা এখনো হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিইনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকে ঠেলে দিচ্ছেন।”
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে যা খুশি তাই করবেন বা জনগণের সঙ্গে ছলনা করবেন।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছর দলটি গণতন্ত্রের কথা বললেও ৫ আগস্টের পর তাদের অবস্থান পরিবর্তিত হয়েছে। তার দাবি, বিএনপি মূলত ক্ষমতার জন্য আন্দোলন করেছে, গণতন্ত্র বা রাষ্ট্র সংস্কারের জন্য নয়।
তিনি আরও বলেন, “এখন তারা পরিবর্তনের কথা বলে না, সংস্কারের কথা বলে না, এমনকি নিজেদের ৩১ দফার কথাও বলে না। অথচ তাদের ৩১ দফার প্রথম প্রস্তাবই ছিল সংবিধান সংস্কার কমিটি গঠন।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।”


