শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ । ১৭ জুমাদাস সানি ১৪৪৮ হি. । ১২:৩৩ পূর্বাহ্ণলোড…
thepostar-Bangladesh-Based Bangla News Portal

২১ জুলাই স্থানীয় সরকার আচরণবিধি চূড়ান্ত করবে ইসি

রাজনীতি

শেয়ার করুন:

২১ জুলাই স্থানীয় সরকার আচরণবিধি চূড়ান্ত করবে ইসি
ছবি: সংগৃহীত
দ্য পোস্টার ডেস্ক৬:১৫ AM | জুলাই ১৭, ২০২৬

স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাচনী আচরণবিধির খসড়া ২১ জুলাই চূড়ান্ত করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে ১০ জুন ইসির ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষ্যে ভিন্ন ভিন্ন খসড়া আচরণবিধি প্রকাশ করে ইসি। এর অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছিল। একই সঙ্গে নিবন্ধিত ৫৬টি রাজনৈতিক দলের কাছে ই-মেইলে খসড়া প্রেরণ করে তাদের মতামত আহ্বান করে ইসি। ৩০ জুনের মধ্যে মতামত লিখিতভাবে জানাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।

সূত্র বলছে, ইসির এই আহ্বানে দলীয় ও ব্যক্তি পর্যায় থেকে ১১টি মতামত পাওয়া গেছে। এরপর এসব মতামত নিয়ে পর্যালোচনা করেছে ইসি। আগামী ২১ জুলাই কমিশনের সভায় এসব মতামতের ভিত্তিতেই খসড়া আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।

তবে স্থানীয় সরকার নির্বাচনের আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে কোনো সংলাপে বসবে না। এই ধরনের আলোচনার জন্য জাতীয় সংসদকেই উপযুক্ত মনে করছে ইসি।

নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খসড়া আচরণবিধি বিষয়ে ১১টি মতামত পাওয়া গেছে মাত্র। এগুলো পর্যালোচনা করে আরও কিছু ছোটখাটো পরামর্শ যুক্ত করেছে ইসি। এতে তেমন কোনো বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

তিনি বলেন, আচরণবিধি চূড়ান্ত করার আগে এ বিষয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে না ইসি। সরকারি দল ও বিরোধী দল সংসদীয় কার্যক্রমে ব্যস্ত। তারা চাইলে সেখানেই এসব বিষয়ে আলোচনা করতে পারেন।

প্রস্তাবিত আচরণবিধিতে কঠোর বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আচরণবিধি গুরুতর লঙ্ঘনের দায়ে প্রার্থীদের তৎক্ষণাৎ অযোগ্য ঘোষণা করার বিষয়টি রয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থী বা তার এজেন্টকে লিখিত আদেশে অযোগ্য ঘোষণা করা যেতে পারে।

এ ছাড়া আচরণবিধিতে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনী সময়সীমা কমিয়ে আনা, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সাউন্ড সিস্টেম বা মাইক ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করার প্রস্তাবও রাখা হয়েছে। খসড়ায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি ও ঋণখেলাপির জামিনদার ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে সুপারিশ করা হয়েছে।

এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

খসড়ায় প্রার্থীদের জামানতের অর্থ বাড়ানোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাব অনুযায়ী, পৌরসভার মেয়র প্রার্থীদের জামানত বাড়িয়ে ১ লাখ টাকা এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে নারী প্রার্থীদের ক্ষেত্রে তা অপরিবর্তিত ৫ হাজার টাকাই রাখা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়েছিল। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, অক্টোবর মাসের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং আগস্টের শেষ নাগাদ এর তফসিল ঘোষণা করা হতে পারে।

কমিশনের তথ্য মতে, ব্যালট বাক্স ও নির্বাচনী কর্মীরা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং নির্বাচনের বাজেট কমানোর বিষয়ে আলোচনা চলছে।

মন্তব্যসমূহ

সম্পর্কিত নিউজ