ডেমরা পুলিশ লাইনে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে হতাশার বার্তা
দেশ
রাজধানীর ডেমরা পুলিশ লাইনের একটি বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহজনিত মানসিক অস্থিরতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস এবং একটি ভিডিও প্রকাশ করেছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় সাইদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি প্রায় ৯ মাস আগে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন এবং ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের নবম তলার একটি কক্ষে থাকতেন।
হাসপাতালে আসা নিহতের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক সমস্যার কারণে সাইদুল বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনের ভবনের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর প্রায় ১৪ ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাইদুল একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট, মানসিক যন্ত্রণা এবং হতাশার কথা উল্লেখ করেন। একই সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেন, যার শুরুতে 'দ্য ইন্ড' লেখা দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসকের বরাতে সাইদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
